নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গত রোববার (১৬ আগস্ট) রাত ও সোমবার (১৭ আগস্ট) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের রসুল বাজারে সিরাজের মুদির দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. সজীব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন (৩৫) ও মো. জাহাঙ্গীর শেখ (৫০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনের মধ্যে সজীব চাঁদপুরের মতলব উত্তর থানার মজলিসপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকায় বসবাস করছিলেন। রুবেল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার বালিনা এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ায় থাকতেন। আর জাহাঙ্গীর শেখ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুড়িগাঁও এলাকার বাসিন্দা ও বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাড্ডা পূর্বপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































