নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে খাল কেটে মাটি লুট, ইউএনও’র কাছে অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৪৬, ৩১ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে খাল কেটে মাটি লুট, ইউএনও’র কাছে  অভিযোগ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আমিন মার্কেট এলাকায় খাল কেটে অবৈধভাবে মাটি লুটের অভিযোগ উঠেছে জামাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খাল খনন কমিটির সভাপতি খোকন শিকদার।

 

অভিযোগে জানা যায়, আমিন মার্কেট সংলগ্ন একটি খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

লিখিত অভিযোগে খোকন শিকদার উল্লেখ করেন, খালটি এলাকার পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈধ মাটি উত্তোলনের ফলে খালের গঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামাল মিয়া বলেন, “আমি ভেকু (খননযন্ত্র) বন্ধ করে দিয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিতে পারে সেজন্য দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।