নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) বিকেল চারটার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানজিদ হাসনাত (৪৪) সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাঁর বাবার নাম মৃত আবুল হাসনাত।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার মোগরাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।


































