নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকটি হোটেল-রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারজানুর রহমান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়া এলাকায় চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে এসব প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকারীরা জানান, মঙ্গলখালী এলাকায়ও আবাসিক সংযোগ ব্যবহার করে একটি হোটেলে রান্নার কাজ চালানোর প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি একটি আবাসিক ভবনে অনুমোদনের বাইরে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের তথ্য পাওয়া যায়। এসব সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ অপসারণ করা হয়।
তিতাসের কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় পূজা মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করা হলেও সেখানে কোনো গ্যাস সংযোগ পাওয়া যায়নি।
তিনি বলেন, অবৈধ গ্যাস ব্যবহার বন্ধের পাশাপাশি গ্যাসের অপচয় রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































