নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বৌদ্ধ বিহার ও শ্মশানের জন্য জায়গা বরাদ্দের দাবি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০০, ১৮ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বৌদ্ধ বিহার ও শ্মশানের জন্য জায়গা বরাদ্দের দাবি

নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প, বাণিজ্যিক ও ঐতিহাসিক জেলা। যুগ যুগ ধরে এ শহরে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। চাকরি, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন পেশার কারণে শ্রীলঙ্কান বৌদ্ধ নাগরিকসহ বড়ুয়া, চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যাসহ প্রায় দুই থেকে তিন হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী বর্তমানে নারায়ণগঞ্জ শহরে বসবাস করছেন।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, নারায়ণগঞ্জ শহরে আজও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য কোনো বৌদ্ধ বিহার বা প্যাগোডা নেই। ফলে ধর্মীয় উৎসব, প্রার্থনা ও অন্যান্য আচার-অনুষ্ঠান ভাড়া করা বিভিন্ন স্থানে আয়োজন করতে হয়। একইভাবে বৌদ্ধদের নিজস্ব কোনো শ্মশান না থাকায় মৃত্যুর পর মরদেহ দাহ করার জন্য অনেক ক্ষেত্রে চট্টগ্রামসহ দূরবর্তী এলাকায় নিয়ে যেতে হয়। অতীতে নিজস্ব শ্মশানের অভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মরদেহ অন্য সম্প্রদায়ের শ্মশানে দাহ করার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

বিগত বছরগুলোতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে মাসদাইর এলাকায় মডেল মসজিদ, মডেল মন্দির ও মডেল গির্জা নির্মিত হয়েছে, যা ধর্মীয় সম্প্রীতির একটি সুন্দর দৃষ্টান্ত। সেখানে একটি বৌদ্ধ বিহার সংযোজিত হলে তা সম্প্রীতি ও সমঅধিকারের আরও উজ্জ্বল প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বৌদ্ধ ধর্ম শান্তি, মৈত্রী, করুণা ও মানবতার শিক্ষা দেয়। একটি বৌদ্ধ বিহার ও শ্মশান প্রতিষ্ঠিত হলে তা শুধু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় চাহিদা পূরণ করবে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।

আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের কাছে বিনীতভাবে আবেদন জানাই, নারায়ণগঞ্জ শহরের সুবিধাজনক স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উপাসনা, ধ্যানচর্চা এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য একটি বৌদ্ধ বিহার ও শ্মশান নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় জায়গা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হোক। দীর্ঘদিনের এই ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে বৌদ্ধ নাগরিকদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে বলে আমরা প্রত্যাশা করি।

সকল প্রাণী সুখী হোক, নিরাপদে থাকুক এবং সকল দুঃখ থেকে মুক্তি লাভ করুক।

 

নারায়ণগঞ্জবাসী সকল বৌদ্ধদের পক্ষে

ভদন্ত চন্দ্রবংশ থেরো

অধ্যক্ষ

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও ড. শাসনরক্ষিত ধ্যান কেন্দ্র