পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্ষতিপূরণের তালিকায় ফতুল্লার কুতুবপুরের নয়ামাটি এলাকার এবলুম ডিজাইন লিমিটেডকে ৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
রূপগঞ্জের ভালুকার, কেশরাব এলাকার রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা এবং আটলাপুর এলাকার ট্রেডস ওয়ার্থ হাইজভোল্ট লিমিটেডকে ৪ লাখ ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
এছাড়া সোনারগাঁয়ের মেঘনাঘাট নিউটাউন এলাকার বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ২ লাখ ৯৪ হাজার টাকা, ফতুল্লার কাইয়ুমপুর এলাকার মেসার্স সানলাইট ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা এবং নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজার এলাকার কোয়ালিটি টেক্সটাইলকে ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
অন্যদিকে, বন্দরের কুড়িপাড়া, সদনপুর এলাকার স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থানের বিষয়টি প্রতিফলিত হয়েছে।


































