নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম বলেন, “নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে এ অঞ্চলের একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করা সম্ভব। শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নে বর্তমান পরিচালনা কমিটির উদ্যোগ প্রশংসনীয়। এসব লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় অচিরেই এ অঞ্চলের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়াসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং নোয়াগাঁও ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


































