নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট নবী হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সদস্য ফাতেমা, সিফা এবং সংগঠক আকিব হাসান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবির পক্ষে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।
নেতৃবৃন্দ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু শ্রেণিকক্ষের পাঠদান নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা, খাবারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ। এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে নারায়ণগঞ্জ কলেজে একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট নবী হোসেন ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আন্তরিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি এবং কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।


































