নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ আগস্ট ২০২৬

ফতুল্লার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৬, ৩০ আগস্ট ২০২৬

ফতুল্লার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। পূর্বনির্ধারিত কোনো ঘোষণা বা সিডিউল ছাড়াই ইউএনওর এ পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে কৌতূহল ও ব্যস্ততা দেখা দেয়।

 

রোববার (৩০ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজারের সংস্কারকাজের উদ্বোধন এবং বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়ের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম শেষে বিদ্যালয়টি পরিদর্শনে যান ইউএনও। এ সময় তার সঙ্গে ছিলেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

 

বিদ্যালয়ে গিয়ে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত একটি বিশুদ্ধ পানির ফিল্টার উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয়ের প্রাঙ্গণ, অফিসকক্ষ ও বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শন শেষে ইউএনও বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিজ চোখে দেখতেই পূর্বঘোষণা ছাড়াই তিনি আকস্মিকভাবে পরিদর্শনে এসেছেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন তিনি। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইউএনও।

 

এ সময় রিয়াদ মোহাম্মদ চৌধুরী ইউএনওকে বিদ্যালয়টির ঐতিহ্য, সুনাম ও খ্যাতির কথা তুলে ধরেন। তিনি বিদ্যালয়কে ঘিরে নিজের বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন।

 

পরিদর্শনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: