নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া মোড়ে খাজা মার্কেটের চতুর্থ তলায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ২৮ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার জানান, চাষাড়া মোড়ের খাঁজা মার্কেটের চতুর্থ তলায় একটি কক্ষে গোপনে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানোর তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে কয়েকজন ব্যক্তি টাকাপয়সা দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় তাদের আটক করা হয় এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত তাসসহ নগদ টাকা জব্দ করা হয়। প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিদের অধিকাংশই বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারী। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জে এসে চাকরি ও শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ সুপার আরো বলেন, জুয়া একটি সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। শ্রমজীবী ও কর্মজীবী মানুষ তাদের উপার্জিত অর্থ পরিবারের প্রয়োজন, সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের পেছনে ব্যয় না করে জুয়ার আসরে নষ্ট করছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


































