নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে ঝোঁপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মাসদাইর বাজার এলাকার একটি চিহ্নিত মাদক স্পটে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন লোক দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ওই স্থান ও আশপাশের ঝোপে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অস্ত্র-মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































