শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠনে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খায়রুল আহসান মারজান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আইএবি অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল আহসান মারজান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃতি শিক্ষার্থীরা আমাদের গৌরব। তারাই দেশ ও জাতির ভবিষ্যৎ। একদিন তারাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। এজন্য একজন কৃতি শিক্ষার্থীকে সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠনে সচেষ্ট থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আলহাজ্ব মুফতি শিব্বির আহমাদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আলী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এম. মাসুম বিল্লাহ, দাওয়াহ সম্পাদক শাহ্ আব্দুল আজিজ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।


































