নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে ফতুল্লা থানাধীন নুর মসজিদ এলাকার ইসমাইলের অটো গ্যারেজের পশ্চিম পাশে বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মাসদাইর ঘোষেরবাগ এলাকার নিজাম ড্রাইভারের ছেলে রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩৫), দেওভোগ বাঁশমুলি এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. রায়হান ওরফে হিটলার (২৯), গাইবান্ধার ঘাগোয়া এলাকার সাইদুর রহমানের ছেলে বাবু মিয়া (৩২), মধ্য রসুলপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে মামুন (৩৬) এবং খিল মার্কেট জেলেপাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে আবির (২০)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ হাজার গ্রাম।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মো. রফিক, বিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































