প্রাচ্যের ডান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহাসিক শীতলক্ষ্যা নদী দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘শীতলক্ষ্যার জল, কেন বোবা অশ্রুজল’-এর শুটিং সম্পন্ন হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বিভিন্ন লোকেশনে দুই দিনব্যাপী মিউজিক্যাল ফিল্মটির ভিডিও চিত্রধারণ করা হয়। এতে অর্ধশতাধিক কলাকুশলী ও অভিনয়শিল্পী অংশ নেন। সম্পাদনা শেষে গান ও মিউজিক্যাল ফিল্মটি শিগগিরই আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিক শীতলক্ষ্যা একসময় নারায়ণগঞ্জের বন্দর-সভ্যতা, বস্ত্রশিল্প ও বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। হাজারো মানুষের জীবন-জীবিকা ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা নদীটি বর্তমানে দখল, দূষণ ও নাব্যতা সংকটের মুখে। এসব বিষয়কে শিল্পের মাধ্যমে তুলে ধরতেই নির্মিত হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম।
গানটির গীতরচনা ও প্রযোজনায় রয়েছেন কবি ও সাংবাদিক দর্পণ কবীর। এর সুর, সংগীত আয়োজন ও কণ্ঠ দিয়েছেন শিল্পী ও সংগীত পরিচালক জাহিদ নিরব। মিউজিক্যাল ফিল্মটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা অরিন্দম পাল ঝিনুক। প্রবাস থেকে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন শিল্পী, অভিনেতা ও নির্মাতা শোয়েব মনির। সহযোগী প্রযোজক হিসেবে ছিলেন আসাদুজ্জামান রিপন।
চিত্রগ্রহণে (ডিওপি) ছিলেন জাহাঙ্গীর কবির চিশতী, ড্রোন পরিচালনায় শামীম, প্রধান সহকারী পরিচালক তুষার রহমান এবং প্রোডাকশন ম্যানেজমেন্টে ছিলেন আহমেদ বাদশা।
মিউজিক্যাল ফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দ্বীপ বাপ্পী, ঈষীকা শিঞ্জন ষড়জ, জুলহাস সরকার, দিপু মাহমুদ, পরিতোষ সাহা, মনীষা মনি, আলী সাধু রানা, রুমি রহমান, মেঘ, আহমেদ মিয়া, শুভ কবিরাজ, রাজীব খান, অভিজিৎ দাস উৎস, তামান্না মেহেরুন, মৌরিন শেখ, রবি বাউল, প্রসেনজিৎ দাস, সৌম্য, তুষার রহমান ও আহমেদ বাদশা। এতে নৃত্য পরিবেশন করেছেন হাসিবুর সিয়াম ও কায়নাথ বিনতে কবির।
প্রকল্পটির বিষয়ে প্রযোজক, কবি ও সাংবাদিক দর্পণ কবীর বলেন, “শীতলক্ষ্যা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। আমাদের শৈশব-কৈশোরের স্মৃতির নদীটি আজ যখন অস্তিত্ব সংকটে, তখন সচেতন মানুষ হিসেবে চুপ থাকা যায় না। তাই গানটিকে দূষণ ও দখলের বিরুদ্ধে আমাদের শৈল্পিক প্রতিবাদ হিসেবে দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দিতে চাই।”
নির্বাহী প্রযোজক শোয়েব মনির বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করা হয়েছে। শীতলক্ষ্যাসহ দেশের সব নদী রক্ষায় এটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।”
পরিচালক অরিন্দম পাল ঝিনুক বলেন, “ঐতিহাসিক গৌরবের শীতলক্ষ্যা কীভাবে আজ কালো জলরাশি ও দূষণের বিষাক্ততায় পরিণত হয়েছে, তা সৃজনশীলতার মাধ্যমে গানের সুর ও ভিডিওচিত্রে তুলে ধরার চেষ্টা করেছি।”
মিউজিক্যাল ফিল্মটির সঙ্গে সংশ্লিষ্টরা শীতলক্ষ্যাসহ দেশের সব নদীকে দখল ও দূষণমুক্ত করে রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।


































