নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৭, ৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৪

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৫৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, ওয়ারেন্টভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় ৪২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২৩ জন, বন্দর থানায় ২৬ জন, সোনারগাঁও থানায় ৩০ জন, রূপগঞ্জ থানায় ১৮ জন এবং আড়াইহাজার থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, ২৮ মাদকসেবী, একজন চোর, পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুই আসামি ও অন্যান্য মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁওয়ে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, ১৪ মাদকসেবী, ছয় ডাকাত, চার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জে ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, আট মাদকসেবী ও নিয়মিত মামলার পাঁচ আসামি গ্রেপ্তার হন।

সিদ্ধিরগঞ্জে ১৮ মাদকসেবী, দুই ছিনতাইকারী ও তিন ওয়ারেন্টভুক্ত আসামি; বন্দরে ২২ মাদকসেবী ও চার ওয়ারেন্টভুক্ত আসামি এবং সদর থানায় ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য ও একজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সম্পর্কিত বিষয়: