নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬

বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:২৫, ৫ নভেম্বর ২০২৬

বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার ১ নং বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাতটি তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে সদর থানার বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে একটি টিনশেড বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন (৩৯)। তিনি বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম সিরাজ মিয়া। 

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় মোজাম্মেল হক রাজনের বসতঘর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি (মেড ইন ইউএসএ লেখা) একটি পিস্তল ও ম্যাগাজিনে থাকা সাতটি তাজা গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।