আগামী বছরের ২১ জানুয়ারি থেকে নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হচ্ছে। প্রথম ধাপে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এসব ইউনিয়নে চার ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের প্রকাশিত ধাপভিত্তিক তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি রয়েছে।
দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ও রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে মোট ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
এ ছাড়া তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নে এবং চতুর্থ ধাপে ১৩ মে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পাঁচ ধাপের নির্বাচনী তালিকার চার ধাপে নারায়ণগঞ্জের ইউনিয়নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১০টি, দ্বিতীয় ধাপে ১৪টি, তৃতীয় ধাপে পাঁচটি এবং চতুর্থ ধাপে ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় আসছে।
তবে ধাপভিত্তিক সময়সূচিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চূড়ান্ত তফসিল এখনো ঘোষণা করা হয়নি। ফলে পরবর্তী সময়ে নির্বাচনের তারিখ ও সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।


































