নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬

পরিবেশ দূষণ: নারায়ণগঞ্জের ৫ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০১, ১৯ নভেম্বর ২০২৬

পরিবেশ দূষণ: নারায়ণগঞ্জের ৫ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়।

ক্ষতিপূরণ ধার্য করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (ইউনিট-১), ৯ লাখ ২১ হাজার টাকা; রূপগঞ্জের তারাবোর জিয়ুজু ইন্ডাস্ট্রি লিমিটেড (ইউনিট-৩), ১ লাখ ৬০ হাজার ৭১০ টাকা; সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইয়েস্টার এক্সেসরিজ কোম্পানি (বিডি) লিমিটেড, ৯২ হাজার ১২০ টাকা।

এ ছাড়া বন্দরের মদনপুরের রহমান স্পোর্টস ওয়্যার লিমিটেডকে ২৮ হাজার ৮০০ টাকা এবং ফতুল্লার পঞ্চবটির মুন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) অভিযান ও জরিমানা করা হলেও রহস্যজনকভাবে একদিন পর তথা বৃহস্পতিবার রাত ১০ টা ৫০ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: