পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেয়া বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক পাচ্ছে ৩০ টাকা দরে ১০ কেজি চাল। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১০ টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল ১০ টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে।
একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবে। সকাল থেকে বৃষ্টিতে ভিজে শ্রমিকদের লম্বা লাইনে দাড়িয়ে ওএমএস এর চাল সংগ্রহ করতে দেখা গেছে। চালের পাশাপাশি তেল, ডাল, আটাসহ অন্যান্য নিত্যপণ্য কম মূল্যে দেয়ার দাবি শ্রমিকদের।
পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের উর্ধগতির কারণে ওএমএস এর চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। বাহির থেকে তবে ওএমএস এর মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেয়া হলে তারা উপকৃত হতো।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বাবুল হোসেন জানান,
প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। আজকে দ্বিতীয় দিনের মতো চাল বিক্রি চলছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।


































