নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের শান্তিনগর গুচ্ছগ্রামে সম্প্রতি চিত্রায়িত হয়েছে তরুণ নির্মাতা সোহেল আলীর নতুন নাটক ‘প্রবাসী বউয়ের জামাই’। গ্রামবাংলার চিরচেনা জীবন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত নাটকটি ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন নারী প্রবাসীর পারিবারিক জীবন, সংগ্রাম এবং সমাজে তার অবস্থানকে কেন্দ্র করে। প্রবাসজীবনের নানা টানাপোড়েন পরিবার ও স্বজনদের ওপর কী ধরনের প্রভাব ফেলে, সেই বাস্তবতাই নাটকটিতে তুলে ধরা হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন সোহেল আলী, সাঞ্জিয়া পরী, শেখ মনিরুজ্জামান রিপন, সাব্বির আহমেদ সেন্টু, সারোয়ার খান, মৌন লাকি, নুসরাত সামিয়া, জীবন বাদশাহ, নয়ন খান ও মনির।
নাটকটির প্রযোজক শেখ মনিরুজ্জামান রিপন। চিত্রগ্রহণ করেছেন আরাফাত মির্জা।
নাটকটির রচয়িতা ও নির্মাতা সোহেল আলী বলেন, “আমাদের মা-বোনেরা প্রবাসে থেকে পরিবার ও সমাজের জন্য যে ত্যাগ স্বীকার করেন, সেই বাস্তবতাকে নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কাহিনি, সংলাপ ও দৃশ্যায়ন দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।”
নির্মাতারা জানান, গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে চিত্রায়িত নাটকটি খুব শিগগিরই একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

































