রাত পেরুলেই শনিবার অনুষ্ঠিত হবে রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। রেড ক্রিসেন্টের ইতিহাসে এই প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দৃঢ় প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবের কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে অনেকেই মতামত দিয়েছেন। রেড ক্রিসেন্টের আজীবন সদস্যরাও নির্বাচনকে ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত। কারণ রেড ক্রিসেন্টে এই প্রথমবারের মতো ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হচ্ছে প্রার্থীরা৷
জানা গেছে নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচনের মতো সব ধরনের প্রস্তুতির মাধ্যমে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।
এই নির্বাচনে ব্যতিক্রমী প্রার্থী এনসিপির নিরব রায়হান। নির্বাচন করছেন 'কার্যকরী সদস্য' পদে৷ নির্বাচনে যারা অংশ নিয়েছেন এরমধ্যে একমাত্র তরুণ প্রার্থী তিনি৷
এই প্রসঙ্গে নিরব রায়হান বলেন, "সর্বমহলে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া জরুরি। আমি বিশ্বাস করি, তরুণরাই আগামী এবং তরুণদের হাত ধরেই আগামীর একটি আকাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে৷ রেড ক্রিসেন্টে যারা ফিল্ড পর্যায়ের মানবিক কাজে অংশ নেয় এর অধিকাংশই তরুণ৷ আমি সেই তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই৷"
তিনি আরও জানান, "রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের যারা আজীবন সদস্য রয়েছেন৷ রেড ক্রিসেন্ট সংক্রান্ত যেকোনো কর্মকাণ্ডে আমি তাদের অংশীদারত্ব নিশ্চিত করতে চাই৷ বিগত সময়ের একটি অ্যাডহক কমিটিতে কাজ করার সুবাদে আমি লক্ষ্য করেছি, এখানে আজীবন সদস্যদের সঠিক মূল্যায়ন করা হয় না বা তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় না৷ আমি চাই তাদের মূল্যায়ন ও অংশীদারত্ব৷"
নিরব রায়হান আরও বলেন, "আমি নির্বাচিত হলে রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটকে ঘিরে সার্বিক উন্নয়নে আমি ভূমিকা রাখবো৷ এবং আমি ব্যাপকভাবে আশাবাদী—ইনশাআল্লাহ ভালো কিছু হবে৷"
জানা গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট নবী হোসেন। এখন নির্বাচন হচ্ছে দুইটি ব্যালটে। একটি ব্যালটে সেক্রেটারি পদে লড়ছেন দুইজন এবং আরেক ব্যালটে সদস্য পদে লড়ছেন আটজন৷ নির্বাচনে ভোট প্রদান করতে হবে ছয়টি। সেক্রেটারি পদে একটি এবং সদস্য পদে পাঁচটি৷ কম বা বেশি হলে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে৷ এরমধ্যে সেক্রেটারি পদে নির্বাচিত হবেন একজন এবং সদস্য পদে নির্বাচিত হবেন পাঁচজন৷


































