নারায়ণগঞ্জের ফতুল্লায় রেললাইনের ওপর বিকল হয়ে পড়া একটি ট্রাককে ঘিরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও ট্রেন চালকের সতর্কতা ও স্থানীয়দের তৎপরতায় তা এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ফতুল্লার পাগলা রেলস্টেশনের সামনে পাগলা-দেলপাড়া সড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঢাকামেট্রো-ট ২৪-৫৪৯৭ নম্বরের একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই পথে এগিয়ে আসছিল।
স্থানীয়রা দ্রুত ট্রাকটি রেললাইন থেকে সরানোর চেষ্টা শুরু করেন। কিন্তু ট্রেনটি কাছাকাছি চলে এলে কয়েকজন স্থানীয় ব্যক্তি ট্রাকের সামনে দাঁড়িয়ে লাল কাপড় উড়িয়ে ট্রেন চালককে সতর্ক সংকেত দেন। সংকেত দেখে ট্রেন চালক দূর থেকেই গতি কমিয়ে নিরাপদ দূরত্বে ট্রেন থামিয়ে দেন।
এরপর স্থানীয়দের প্রায় ২০ মিনিটের চেষ্টায় বিকল ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ট্রেনের চালক ও ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্টেশন কাছাকাছি থাকায় ট্রেন চালক সময়মতো ট্রেন থামিয়ে দেন। এতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনাটি নিরাপদভাবেই সমাধান হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


































