নারায়ণগঞ্জের বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ৭৫ পুঁড়িয়া গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার সোনাকান্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে সাকিব (২১), পশ্চিম হাজীপুর এলাকার মজিবুর মিয়ার ছেলে তন্ময় (২৪) এবং দড়ি সোনাকান্দা এলাকার শারজাহান মিয়ার ছেলে ইয়াছিন (২৩)।
পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মাহামুদনগর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে একটি পরিত্যক্ত ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৭৫ পুঁড়িয়া গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মদনগঞ্জ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফেরি করে গাঁজা বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি (নং-৩৬, তারিখ: ২১ জুলাই ২০২৬) রুজুর পর মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































