নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:২২, ১৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে রউফ মিয়া ও শরীফ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার এশার নামাজের পর দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে শরীফ মিয়ার পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় আত্মরক্ষার্থে রউফ মিয়ার পক্ষও পাল্টা হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।