নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশের তথ্যমতে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের ব্রিজসংলগ্ন চীনা মিয়ার দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মো. রাসেল (২৮) নামে এক যুবককে আটক করে তার হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এরপর বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকার বিহারী কলোনির পানির ট্যাংকির নিচে অভিযান চালিয়ে সোয়েব আক্তার (২২) ও মো. সজিব খলিফা (২৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩০ পুরিয়া হেরোইন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































