নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৯, ১৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন বৈঠক চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের ক-জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক-জোনের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।

 

গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার দেবিদ্বার এলাকার এমরান সাকিব (২৬), লাকসামের নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন সাইনবোর্ড-সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ‘মানিক গ্রুপের’ সদস্য। অভিযানের সময় তারা সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপের’ সঙ্গে মারামারি এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।

 

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।