নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন বড় ভাইকে হয়রানি করতে মামলা দায়েরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ভূমি দালাল ও প্রতারক চক্রের প্ররোচনায় এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পক্ষ। ঘটনাটি ঘিরে উপজেলার মুরাদপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মুরাদপুর এলাকার মৃত ডেঙ্গুর আলী ভূঁইয়ার ছেলে তোফাজ্জল হোসেন ভূঁইয়া তার মালিকানাধীন এসএ ৪৯ ও আরএস ৮০ দাগের জমি আপন বড় ভাই নয়ন আলী ভূঁইয়ার কাছে বিক্রি করেন। জমি কেনার পর নয়ন আলী নিয়ম অনুযায়ী নিজ নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন করেন।
অভিযোগ রয়েছে, জমি বিক্রির পরও তোফাজ্জল হোসেন স্থানীয় ভূমি দালাল কুদ্দুসসহ একটি চক্রের মাধ্যমে নয়ন আলীকে হয়রানি করতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত ৪ মে দালাল কুদ্দুসের মাধ্যমে তোফাজ্জল হোসেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত আপত্তি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়।
শুনানির দিন তোফাজ্জল হোসেন নিজে উপস্থিত না হয়ে দালাল কুদ্দুসসহ কয়েকজনকে পাঠান বলে জানা গেছে। উভয় পক্ষের বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনার পর বিষয়টির নিষ্পত্তির জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন সহকারী কমিশনার (ভূমি)।
তবে অভিযোগ রয়েছে, ওই পরামর্শের পরও নয়ন আলীকে হয়রানি করার উদ্দেশ্যে গত ২৭ আগস্ট তোফাজ্জল হোসেন বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আপন বড় ভাই নয়ন আলী ছাড়াও ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি বলেন, “উপজেলা ভূমি কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছিল। তবে কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি আইনের মাধ্যমে নিষ্পত্তির জন্য তোফাজ্জাল হোসেনকে নারায়ণগঞ্জ জজ কোর্টের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।”
এদিকে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা এবং ভূমি দালালদের সম্পৃক্ততার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


































