নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক মৎস্য ব্যবসায়ীকে মারধর করে নগদ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ফয়সাল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জনি হাসান ওরফে মরন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার একরামপুর এলাকায় কলেজের বিপরীতে গোলাপের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জনি হাসান দীর্ঘদিন ধরে একরামপুর এলাকায় মাছের ব্যবসা করে আসছেন। ব্যবসার সুবাদে স্থানীয় ফয়সালসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জনি হাসান একরামপুর বাজারে যাওয়ার পথে গোলাপের দোকানের সামনে পৌঁছালে ফয়সালসহ তার সহযোগীরা পথরোধ করেন। এ সময় তারা লাঠি ও এসএস পাইপ দিয়ে তাকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করেন। পরে তার কাছে থাকা নগদ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে স্থানীয়দের সহায়তায় আহত জনি হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।


































