নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে আলিফ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে রক্ত দেওয়ার ক্ষেত্রে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ভুল গ্রুপের রক্ত দেওয়ার পর এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী মো. রোমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে এ দাবি করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, রোমানের স্ত্রী সারজিনা আক্তার (২৭) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। গত প্রায় পাঁচ বছর ধরে তিনি আলিফ হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে নিয়মিত রক্ত নিয়ে আসছেন। প্রতি মাসে তাকে দুইবার বি পজিটিভ (B+) আরসিসি রক্ত দেওয়ার প্রয়োজন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোমানের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা ৩৬ মিনিটে সারজিনা রক্ত নেওয়ার জন্য আলিফ হাসপাতালে গেলে চিকিৎসক ও নার্সের দায়িত্বে অবহেলার কারণে তাকে বি পজিটিভের পরিবর্তে এ পজিটিভ (A+) রক্ত দেওয়া হয়।
এরপর থেকেই সারজিনা শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন তার স্বামী। বিষয়টি হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোমান আরও দাবি করেন, ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারণে তার স্ত্রীর ভবিষ্যতে কিডনি বিকলসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে এসব স্বাস্থ্যঝুঁকির বিষয়ে চিকিৎসকদের স্বাধীন কোনো মতামত বা মেডিকেল প্রতিবেদন অভিযোগের সঙ্গে উল্লেখ করা হয়নি।
অভিযোগে আরও বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানতে চাইলে হাসপাতালের ম্যানেজার মাহফুজ জানান, ঘটনার সত্যতা রয়েছে, কিন্তু তিনি আর কোনো কিছু বলতে রাজি নন বলে ফোনের লাইন কেটে দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। যখন তাকে বলা হলো থানায় অভিযোগ করা হয়েছে। তখন তিনি প্রতিবেদকের কাছে অভিযোগে কপি চান। পরে তার হোয়াটসঅ্যাপে অভিযোগের কপি পাঠানো হয়।


































