নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিম পাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে ঘটনাটি ঘটে। গ্রেপ্তার ইয়া নবী ওই এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিম পাড়া মসজিদে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর আচরণের ঘটনা ঘটে। বিষয়টি মসজিদের ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। খবর পেয়ে সোনারগাঁও থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।
পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও লিখিত অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের গুজব বা উত্তেজনায় কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন নিজের হাতে না তুলে নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেছে পুলিশ।


































