নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’সহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১।
গ্রেপ্তার শ্রাবণ (২০) রূপগঞ্জ ও আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে এসআরবি-১১। অপর গ্রেপ্তাররা হলেন সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)।
এসআরবি-১১ জানায়, শ্রাবণ রূপগঞ্জ ও সংলগ্ন এলাকার কিশোর ও উঠতি বয়সীদের নিয়ে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গড়ে তোলে। সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শ্রাবণ ও তার অনুসারী গ্যাং সদস্যরা জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা শ্রাবণের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রাবণের বিরুদ্ধে আগে দায়ের হওয়া মামলা তুলে না নেওয়ায় মামলার বাদী আমেনা বেগমের বসতবাড়িতে গভীর রাতে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এছাড়া রূপগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রাবণ ও তার গ্যাং সদস্যরা প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালাত।
এসআরবি-১১-এর দাবি, শ্রাবণের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে রূপগঞ্জে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছিল।
তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩
সেপ্টেম্বর রাত ১টার দিকে এসআরবি-১১-এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শ্রাবণ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।


































