নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার, একটি পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ায় একটি পাকা বাড়ির দ্বিতীয় তলায় ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল হানা দেয়। তারা প্রধান কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে জিম্মি করে।
পরে ডাকাতরা স্টিলের আলমারির লকার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং গৃহকর্তার দাবি অনুযায়ী আনুমানিক ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যানসহ ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের হেফাজত ও তল্লাশি করে বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার, ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নরসিংদীর মাধবদী থানার শাহিন ওরফে শামীম (৪৮), কুমিল্লার হোমনা থানার মো. শরীফ (৩৯), নরসিংদীর হৃদয় দাস (৩০), মাধবদীর মো. তামজিদ মিয়া (৪০) এবং একই থানার মো. শামীম (৪০)।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে ভুক্তভোগী গৃহকর্তা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে গ্রেপ্তারদের শনাক্ত করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


































