নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১০:১১, ২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) ও তাঁর বড় ভাই ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়ায় তাঁদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন কবির ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং তাঁর বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

একাধিক সূত্র জানায়, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তাঁর বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন।

সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও এই দুই ভাই নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। প্রথম দিকে তাঁরা বাড়ি থেকে বের না হলেও পরবর্তী সময়ে প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। হুমায়ুন কবিরকে প্রতিদিন পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন একটি দোকানে দিনে ও রাতে দুই দফায় মোট সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে দেখা যেত। অন্যদিকে হাবিবুর রহমানও প্রকাশ্যে চলাফেরা করতেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। তাঁর বড় ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।