নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৯, ১১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় জয় চন্দ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (১১ নভেম্বর) ভোরে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জয় চন্দ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার পাঁচগাঁও এলাকার নারায়ণ চন্দ্র চন্দের ছেলে। তিনি ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করতেন।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্যামা পূজা উপলক্ষে মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বোনের ভাড়া বাসায় বেড়াতে আসেন জয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় পূজামণ্ডপে যান।

 

পূজামণ্ডপ থেকে ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পাগলা তালতলা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি দ্রুতগতিতে তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পঞ্চবটির দিকে পালিয়ে যায়।

 

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং জয় সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মো. মোয়াজ্জেম হোসেন হাসপাতালে যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।