নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। বিএনপি নেতার নাম ভাঙিয়ে এক মাদকাসক্তকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন মাদক কারবারিরা। এ সময় বাধা দিতে গেলে একটি গণমাধ্যমের সাংবাদিককেও মারধরের চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় সস্তাপুর মাজারের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আনসার সদস্য নবী হোসেনের ছেলে রাসেল মাদকাসক্ত। অভিযোগ রয়েছে, রাসেল দক্ষিণ সস্তাপুর এলাকার মধুওয়ালার ছেলে মাসুমের (৩৫) কাছে নিজের বাবার একটি ইজিবাইক বন্ধক রেখে তাঁর কাছ থেকেই ইয়াবা কিনে সেবন করতেন। একপর্যায়ে আরও কিছু টাকা লেনদেনের পাশাপাশি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে আনসার সদস্য নবী হোসেন মাসুমের কাছে ইজিবাইক সম্পর্কে জানতে চান। তখন মাসুম দাবি করেন, ৫৫ হাজার টাকা দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে রাসেলের কাছ থেকে ইজিবাইকটি কিনে নিয়েছেন। তবে রাসেল তাঁর বাবাকে জানান, মাসুমের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ইজিবাইকটি বন্ধক রেখেছেন এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন।
এ ঘটনায় নবী হোসেন ফতুল্লা থানায় অভিযোগ করলে পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য শুক্রবার রাত ৭টার দিকে উভয় পক্ষ যুগান্তরের সাংবাদিক আলামিন প্রধানের কাছে যান। সস্তাপুর মাজারের অফিসকক্ষে সালিশি বৈঠক চলাকালে একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতা নাজমুল হকের নাম উল্লেখ করে রাসেলকে মারধর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় সাংবাদিক আলামিন প্রধান বাধা দিলে মাদক ব্যবসায়ী মাসুম ও তাঁর লোকজন মারমুখী আচরণ করেন এবং তাঁকে মারধরের জন্য তেড়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক আলামিন প্রধান থানায় ফোন করেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিরাপত্তা দেয়। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


































