নারায়ণগঞ্জের বন্দরে দুই দফায় জাল ছিঁড়ে পালিয়ে যাওয়া কুমিরটি অবশেষে তৃতীয় দফায় ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। এ সময় প্রথম ও দ্বিতীয় দফায় জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা করা হলেও সেটি জাল ছিঁড়ে বেরিয়ে যায়। পরে তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটক করতে সক্ষম হন উদ্ধারকারীরা।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে সেটি পাশের আরেকটি পুকুরে চলে গেছে বলে ধারণা করা হয়।
খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় তখন অভিযান সফল হয়নি।
এরপর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে পুকুরপাড়ে ভিড় করেন স্থানীয় লোকজন।


































