নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর আন নূর মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। সভাপতিত্ব করেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এ সময় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, “আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে আদর্শবান ও দক্ষ জনশক্তি গঠনের কোনো বিকল্প নেই। আসন্ন কর্মী সম্মেলন সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নতুনভাবে কর্মীদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশ, জাতি ও মানবতার কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য কর্মীদের উদ্বুদ্ধ করা হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাইউম বলেন, কর্মী সম্মেলন সফল করতে প্রত্যেক দায়িত্বশীলকে সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। তিনি সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা সম্মেলনের প্রচার-প্রচারণা, উপস্থিতি নিশ্চিতকরণ, সাংগঠনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা ১৯ জুনের কর্মী সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১৯ জুন নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।


































