জলাশয় ও খালের প্রবাহ বাড়ানো এবং ভূ-উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধিতে চলমান প্রকল্পগুলো সমন্বয় করে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ ভিআইপি জেটিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সচিবরা উপস্থিত ছিলেন।
জোনায়েদ সাকি বলেন, “আমাদের জলাশয় ও খালের প্রবাহ কীভাবে বাড়ানো যায় এবং ভূ-উপরিভাগের পানি কীভাবে বৃদ্ধি করা যায়, এসব নিয়ে একাধিক প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো কীভাবে সমন্বয় করে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটির পক্ষ থেকে আমি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবরা নদীপথ পরিদর্শন করেছি।”
তিনি বলেন, নদীগুলোর দূষণের কারণ চিহ্নিত করা, দূষণ ও দখলমুক্ত করার পরিকল্পনা গ্রহণ এবং নদীকে কীভাবে মানুষের কল্যাণে আরও বেশি কাজে লাগানো যায়—এসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরও বলেন, “আজকের পরিদর্শনের পর এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। সেখানে আমরা বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরতে পারবো।”
সংশ্লিষ্টরা বলছেন, নদী ও জলাশয় রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং নৌপথের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


































