নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৬ অক্টোবর ২০২৬

আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫১, ১৬ অক্টোবর ২০২৬

আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নগরীর স্থানীয় এক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন এমপি বলেন, "আমরা আমাদের সেই জাতীয় নেতাদের হারিয়েছি, যাঁরা সবসময় অভিভাবকের মতো আমাদের দিকনির্দেশনা দিতেন এবং সুন্দর জীবন গঠনে উপদেশ দিতেন। শত জুলুম-নির্যাতন ও ত্যাগের পর আজ দেশবাসী আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য জামায়াতে ইসলামীকে নিয়ে প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে আমাদের প্রধান কাজ হলো আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করা।"

তিনি আরও যোগ করেন, "দৈনন্দিন ব্যবহার, আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্যসহ জীবনের সর্বক্ষেত্রে আমাদের ইসলামের অনুশাসন ও আদর্শ মেনে চলতে হবে।"

 

মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার-এর সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরীর প্রায় ১১৫০ জন রুকন অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ পর্বে উপস্থিত রুকনগণ আগামী সেশনের আমীর নির্বাচনের লক্ষ্যে গোপনীয় ব্যালটের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পর্কিত বিষয়: