আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে খুঁজতে ফতুল্লায় তাঁর মালিকানাধীন পোশাক তৈরির কারখানা ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে’ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি। কারখানাটিও বন্ধ ছিল বলে জানিয়েছে একাধিক সূত্র।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হলেও শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
কারখানার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে একটি বড় হাইয়েস মাইক্রোবাসে করে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। তাঁরা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।
এ সময় আনসার সদস্যরা তাঁদের জানান, কারখানায় ছুটির সময় হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই সব শ্রমিক চলে গেছেন। ভেতরে তখন আর কেউ নেই। পরে কিছুক্ষণ অপেক্ষা করে তাঁরা সেখান থেকে ফিরে যান।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। বৃহস্পতিবার তাঁদের কাছে খবর আসে, তিনি সেখানে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতেই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তবে তাঁকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তাঁর অবস্থান নিশ্চিত করা গেলেই গ্রেপ্তার করা হবে।
একাধিক সূত্র জানায়, এর আগেও ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেপ্তারের জন্য ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়েছিল। তবে সেবারও তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তাঁর বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাঁদের ঘনিষ্ঠ সহযোগীরা আত্মগোপনে চলে যান। পরিবারের অন্য সদস্যদের দেশ ছাড়ার খবর পাওয়া গেলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে।
গণঅভ্যুত্থানের পর থেকেই স্থানীয় রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি ওঠে। সাম্প্রতিক সময়ে এ দাবি আরও জোরালো হয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন দাবি করেন, সেলিম ওসমান ফতুল্লায় তাঁর কারখানা পরিচালনা করছেন এবং সেখানে এসে তদারকিও করেন। তাঁর এ বক্তব্যের পর সেলিম ওসমানের অবস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।


































