নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আট বছরের শিশু মারুফের মৃত্যুর পর এবার তার মা বিউটি আক্তারও মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিউটি আক্তারের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। দগ্ধ বিউটির স্বামী মাইদুল ইসলামও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিউটি আক্তারের ছেলে মারুফ। বিস্ফোরণে দগ্ধ হওয়ার তিন দিনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হলো। এখন পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে মাইদুল ইসলাম চিকিৎসাধীন।
গত শুক্রবার ভোরে বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া চাপাতলী এলাকায় সালাউদ্দিনের টিনশেডের ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বাড়ির একটি কক্ষে স্ত্রী বিউটি আক্তার (২৪) ও ছেলে মারুফকে নিয়ে থাকতেন মাইদুল ইসলাম (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি।
তাদের গ্রামের বাড়ি নাটোরে, তবে কাজের সুবাদে এক বছর ধরে বন্দরের টিনের ঘরটিতে ভাড়া থাকছিলেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। ঘরের জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। ভোরে মাইদুল ইসলাম সিগারেট ধরানোর সময় আগুনের সংস্পর্শে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।


































