নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামে খেলতে গিয়ে অজ্ঞান হয়ে রোজাদার এক কিশোরের মৃত্যু হয়েছে । এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিয়াম (১৪) ওই গ্রামের এমদাদুলের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে রোজা রেখে সিয়াম বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সুস্থ-সবল একটি ছেলের হঠাৎ এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।
ঘটনার পর থেকে এলাকায় শোক ও স্তব্ধতা বিরাজ করছে।


































