সোনারগাঁ উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় অবৈধ দোকান ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তার পশ্চিম ও পূর্ব পাশের সকল অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার তৌফিকুর রহমান এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। এ সময় জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, কাচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়, যাতে পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন করার কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন আরও জানায়, ভবিষ্যতেও সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


































