নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন, ডাটা এন্ট্রি কার্যক্রমের সূচনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১২, ১৫ এপ্রিল ২০২৬

মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন  ভবনের উদ্বোধন, ডাটা এন্ট্রি কার্যক্রমের সূচনা

নারায়ণগঞ্জের বন্দরে ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ডাটা এন্ট্রি ও যাচাই কার্যক্রমেরও সূচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। উদ্বোধনী ফলক উন্মোচনের পর তিনি ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

 

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাগরিক সেবা সহজতর করা এবং ডাটা এন্ট্রি কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি অফিস প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রায়হান কবির।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, মদনগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিম উদ্দিন, অফিস সহায়ক রাশেদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ইউএনডিপির কারিগরি সহায়তায় শুরু হওয়া এই ডাটা এন্ট্রি কার্যক্রমের ফলে স্থানীয় জনগণ এখন থেকে আরও দ্রুত ও ভোগান্তিহীনভাবে ভূমি উন্নয়ন কর প্রদান ও তথ্য যাচাই করতে পারবেন।

 

নতুন ভবন ও আধুনিক ডাটা ব্যবস্থাপনার সমন্বয়ে মদনগঞ্জ ইউনিয়নের ভূমি সেবায় একটি নতুন যুগের সূচনা হয়েছে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।