নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষিত কিশোরী, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৭, ৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষিত কিশোরী, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গন্ধর্বপুর এলাকার নাদিম হোসেন (২২), সিহাব হাসান (২১) ও ইমন মিয়া (১৯)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেলে ভুক্তভোগী কিশোরী তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্ব পরিচিত তিনজন আসামি তাদের পথরোধ করেন। পরে তাদের জোরপূর্বক কাছের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে কিশোরীর বন্ধুকে অন্য একটি কক্ষে আটকে রেখে অভিযুক্ত তিন যুবক পর্যায়ক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। শুধু তা-ই নয়, ঘটনাটি ধামাচাপা দিতে এবং তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরবর্তীতে টাকা জোগাড়ের কথা বলে কিশোরীর বন্ধু আকাশ কৌশলে সেখান থেকে বেরিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আইচ.এম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।