নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬

কারাবন্দি সিদ্ধিরগঞ্জের সজীবের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৩২, ৮ অক্টোবর ২০২৬

কারাবন্দি সিদ্ধিরগঞ্জের  সজীবের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা মো. সজীব আহমেদ (২৬) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সজীব আহমেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো. সানাউল্লাহর ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।

জেল সুপার জানান, সজীব দীর্ঘদিন ধরে অ্যাজমা ও হাঁপানি রোগে ভুগছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বেশ কয়েকদিন ধরে কারা হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢামেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

 

আব্দুল কুদ্দুস বলেন, সজীব বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীব আহমেদকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

সম্পর্কিত বিষয়: