নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

নবীগঞ্জ-কাইকারটেক সড়ক যেন মরণফাঁদ, চরম দুর্ভোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৫, ১৮ মে ২০২৬

নবীগঞ্জ-কাইকারটেক সড়ক যেন মরণফাঁদ, চরম দুর্ভোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকার গুরুত্বপূর্ণ নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কাইকারটেক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ততম এই সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কাইকারটেক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে ইটের খোয়া ও মাটি বেরিয়ে এসেছে। ফলে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন শত শত সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। প্রায়ই যানবাহন গর্তে পড়ে উল্টে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “আমরা নিয়মিত ট্যাক্স দিই, ভোট দিই, কিন্তু নিরাপদে চলাচলের মতো একটি রাস্তা পাই না। সন্তানদের স্কুল-কলেজে পাঠাতেও ভয় লাগে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার না করা হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, বন্দর ও সোনারগাঁ উপজেলা উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে নবীগঞ্জ-কাইকারটেক সড়কটি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের মাধ্যম। দ্রুত সংস্কার না হলে এ অঞ্চলের জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সম্পর্কিত বিষয়: