নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্টের বিজয়: সৌরভের ক্যামেরায় বন্দী কান্নার মুহূর্ত জাদুঘরে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্টের বিজয়: সৌরভের ক্যামেরায় বন্দী কান্নার মুহূর্ত জাদুঘরে

ঐতিহাসিক ৫ আগস্টের একটি আবেগঘন মুহূর্ত এবার স্থান পেয়েছে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহে। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ধারণ করা ছবিটিতে বিজয়ের আবেগে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়া দুই সাধারণ মানুষের দৃশ্য উঠে এসেছে।

ছবিটি ধারণ করেন নারায়ণগঞ্জের ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও জুলাইযোদ্ধা সৌরভ ভূঁইয়া। জাদুঘর কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণ করার বিষয়টি তাঁকে জানিয়েছে।

সেদিন শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়ার পর চাষাঢ়াসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে। দীর্ঘ আন্দোলনের পর বিজয়ের মুহূর্তে রাজপথে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই উচ্ছ্বাসের মধ্যেই দুই মানুষের অশ্রুসিক্ত আলিঙ্গনের দৃশ্যটি সৌরভের ক্যামেরায় ধরা পড়ে।

একটি মাত্র ফ্রেমে আনন্দ ও বেদনার এক অনন্য প্রকাশ ঘটেছে। বিজয়ের আনন্দে ঝরে পড়া চোখের পানি যেন দীর্ঘদিনের অপেক্ষা, ক্ষোভ, কষ্ট এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের অনুভূতিকে একসঙ্গে ধারণ করেছে।

আন্দোলনের সময় ক্যামেরা হাতে রাজপথে থাকা সৌরভ ভূঁইয়ার জন্য এটি ছিল দীর্ঘদিনের ফটোগ্রাফিক নথিবদ্ধতারই একটি অংশ। বিভিন্ন সময়ের আন্দোলন ও গণআন্দোলনে মাঠে থেকে তিনি নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও তিনি বিভিন্ন ঘটনা ও সাধারণ মানুষের আবেগের দৃশ্য ধারণ করেন।

মিছিল, প্রতিবাদ ও প্রতিরোধ থেকে শুরু করে সাধারণ মানুষের আবেগ—আন্দোলনের নানা পর্যায়ের দৃশ্য তাঁর ক্যামেরায় নথিবদ্ধ হয়েছে। সেই ধারাবাহিকতায় ৫ আগস্টের এই ছবিটি তাঁর ব্যক্তিগত ফটোগ্রাফিক কাজের পাশাপাশি জুলাই-আগস্টের সময়ের একটি গুরুত্বপূর্ণ ভিজ্যুয়াল স্মারক হয়ে উঠেছে।

চাষাঢ়ার রাজপথে কয়েক মুহূর্তের জন্য তৈরি হওয়া সেই দৃশ্য আজ আর শুধু একটি ছবি নয়। জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহে সংরক্ষণের মাধ্যমে এটি এখন একটি ঐতিহাসিক সময়ের স্মৃতি বহনকারী স্থায়ী দলিলের অংশ হয়ে গেল।