নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সাংবাদিকপুত্রকে হানি ট্র্যাপে ফেলে লাখ টাকা মুক্তিপণ আদায়

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সাংবাদিকপুত্রকে হানি ট্র্যাপে  ফেলে লাখ টাকা মুক্তিপণ আদায়

নারায়ণগঞ্জের বন্দরে হোয়াটসঅ্যাপে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে দিয়ে ‘হানি ট্র্যাপ’-এ ফেলে সাংবাদিকের ছেলে সানজিদ হাসান রাফি (২৫)–কে অপহরণ করে মারধরের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে বন্দরের রাজবাড়ি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী সানজিদ হাসান রাফি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার সাংবাদিক মো. সাত্তার আলী সোহেলের ছেলে।

ভুক্তভোগীর বাবা সাত্তার আলী সোহেল জানান, বন্দর এলাকার ‘তিন্নি’ নামের এক তরুণীর সঙ্গে তার ছেলে রাফির হোয়াটসঅ্যাপে পরিচয় হয়। মঙ্গলবার ওই তরুণী দেখা করার কথা বলে রাফিকে বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে আসতে বলেন।

রাফি সেখানে পৌঁছালে তিন অজ্ঞাত যুবক তাকে রিসিভ করে একটি মিশুকে (ইজিবাইক) জোরপূর্বক তুলে নেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে চাকুর ভয় দেখিয়ে তাকে বন্দরের রাজবাড়ি কবরস্থানের পেছনের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকেই অবস্থান করা আরও ১০-১২ জনের একটি দল তাকে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ করেন তার বাবা। এ সময় রাফির কাছে থাকা নগদ ১৫০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলের জীবন রক্ষায় বাধ্য হয়ে দুটি বিকাশ নম্বরে দুই দফায় মোট এক লাখ টাকা পাঠান সাত্তার আলী সোহেল।

মুক্তিপণের টাকা পাওয়ার পর রাফিকে নবীগঞ্জ জনতা ব্যাংকের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তদন্তে অভিযুক্তদের শনাক্ত করা গেলে এ ঘটনায় আরও তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।