নারায়ণগঞ্জের চাষাড়ায় নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মালিকানাধীন হোসিয়ারি কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ জোরপূর্বক দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। তবে এবিষয়কে অস্বীকার করে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে জানান তিনি।
তবে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অফিস কক্ষ দখলমুক্ত করা এবং ভবনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি বদিউজ্জামান বদুর স্বাক্ষরিত এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ সদর এলাকার ৩১ নবাব সলিমুল্লাহ রোডে (আইন কলেজ সংলগ্ন) অবস্থিত হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনটি বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মালিকানাধীন। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে স্থানীয় একজন ব্যবসায়ীর কাছে ভবনটি বৈধভাবে কমিউনিটি সেন্টার পরিচালনার জন্য ভাড়া দেওয়া হয়েছে। সেখানে জন্মদিন, সুন্নতে খতনা, বিবাহসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান হয়ে আসছে।
অ্যাসোসিয়েশনের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে ভবনটির ভেতরে থাকা অ্যাসোসিয়েশনের অফিস কক্ষ জোরপূর্বক দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।
এতে একটি বেসরকারি বাণিজ্য সংগঠনের নিজস্ব অফিস কক্ষ কার্যত সংগঠনটির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং স্বাভাবিক প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু জানান, যাদের কমিউনিটি সেন্টার পরিচালনা করার জন্য ভাড়া দেওয়া হয়েছে। তাদের সাথে বোঝাপড়া করেই এখানে মাঝে মাঝে নেতা-কর্মীদেরকে নিয়ে বসা হয়। যা দখলের কোনো বিষয় নয়। রাজপথে থাকা বিএনপি নেতাদের বিতর্কিত করতে ওসমান পরিবারের উস্কানিতে তাদের দালালরা মিথ্যা অভিযোগ সামনে আনছে। এমনকি তারা ওসমান পরিবারের সাথে সখ্যতা রেখে বিএনপির নাম ভাঙিয়ে সুবিধার আদায়ের চেষ্টা করছে।
সেইসাথে আবেদনে আরও বলা হয়, গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে হোসিয়ারি কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে সাধারণ মানুষকে ধরে নিয়ে আসা, ভয়ভীতি প্রদর্শন, মারধরসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশিত হয়েছে।
এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ হলেও সংগঠনের মালিকানাধীন ভবনকে কেন্দ্র করে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন।
সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন, মারধর কিংবা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কোনো সম্পৃক্ততা নেই। ভবনে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার দায়ভারও অ্যাসোসিয়েশন বহন করবে না বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বিষয়টি নিয়ে সংসদ সদস্য, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
গত ২৮ জুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), নারায়ণগঞ্জের মৌখিক নির্দেশনায় ভবনের মালিকানা ও কর পরিশোধসংক্রান্ত নথিপত্র এবং সংগঠনের সভাপতির লিখিত জবানবন্দিও দাখিল করা হয়।
তবে এখন পর্যন্ত অফিস কক্ষটি দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে হোসিয়ারি অ্যাসোসিয়েশন।
আবেদনে অফিস কক্ষ দখলমুক্ত করা, ভবনে কোনো বেআইনি কর্মকাণ্ড হচ্ছে কি না তা তদন্ত, ভবনের প্রকৃত মালিকানা ও দখল যাচাই, ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তামূলক ব্যবস্থা এবং অ্যাসোসিয়েশনের সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


































